ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সোমবার ভোরে ইসরায়েলের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ওই হামলায় বন্দর ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করা হয়েছিল। তবে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই।

হামলার পরপরই জেরুজালেমের দক্ষিণাঞ্চলের এটজিওন ব্লক ও হেবরনসহ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে তাদের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশনও এ তথ্য নিশ্চিত করে জানায়, ইসরায়েল হোদেইদা শহরে একাধিক দফায় হামলা চালিয়েছে।

এ হামলার ঠিক আগমুহূর্তেই ইয়েমেনের তিনটি প্রধান বন্দর এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছিল ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় গতকাল রবিবার নতুন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি জানান, তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হানা হয়েছে।

ইয়াহিয়া সারির ভাষ্য, এই হামলা পুরোপুরি সফল হয়েছে এবং এর জেরে বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর টানা সামরিক অভিযানের জবাবে একাধিকবার বেন গুরিওন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই হামলাকে তারা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছে।