শেখ হাসিনার এপিএস লিকুর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর নামে থাকা উত্তরা ও গোপালগঞ্জের জমি জব্দ এবং তার ব্যাংক হিসাবে জমা ১০ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। 

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব সোমবার (৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত লিকুর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেছিলেন। সংস্থার জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ জানান, লিকুর উত্তরায় ৩ কাঠা ও গোপালগঞ্জ সদরে ১৪ শতাংশ জমি রয়েছে। এছাড়া তার দুটি ব্যাংক হিসাবে ৫ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা এবং একটি সঞ্চয়ী হিসাবে ৫ লাখ টাকা আছে।

দুদকের অভিযোগ, লিকু প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্বকালে ক্ষমতার অপব্যবহার করে ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকার অজ্ঞাত আয়ের সম্পদ অর্জন করেছেন। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর অধীনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদক আরও জানায়, লিকু তার সম্পদ অন্যত্র হস্তান্তর করতে পারেন। তাই তদন্তের স্বার্থে তার সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি ছিল। এর আগে গত ১৪ অক্টোবর একই আদালত লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করে।