বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
এর আগে তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ৩০ জুন রিমান্ড শুনানির তারিখ থাকলেও উচ্চ আদালতে জামিন শুনানির আবেদন পেন্ডিং থাকায় ৭ জুলাই তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নম্বর আসামি।
আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে আমরা ফৌজদারি মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন না মঞ্জুর করে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় আমরা রিমান্ড শুনানির তারিখ আরো পিছিয়ে দেয়ার আবেদন জানিয়েছিলাম। আদালত সেই আবেদন আমলে নেননি। পরে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।