সাংবাদিক শামিম আহমদের আর নেই

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি শামিম আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, ৪ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার (৭ জুলাই) সকালে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউএনবির সাবেক চিফ রিপোর্টার ও সিটি এডিটর ছিলেন। খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে মরহুমের জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক শামিম আহমদের মৃত্যুতে মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (জেবস) সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।

সোমবার সংগঠনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শামিম আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

এদিকে শামিম আহমদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক শামিম আহমদ ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।