নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। জামায়াতে ইসলামী মনে করে দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। আগামী ১৯ জুলাই এ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির জাতীয় সমাবেশ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে রয়েছে। এ জন্য আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ড এখন নাই। যে কারণে আমাদের আমীরে জামায়াতও বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না।’
জামায়াত কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি দাবি করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বলেছে সরকার যখনই নির্বাচন দেবে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ও আমাদের আমির সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই। কিন্তু সেই নির্বাচন যেন যেনতেন ভাবে না হয়।’
‘যেনতেনর অর্থই হল কোনোদিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। আবার প্রশাসন জবরদস্তি করবে। কেন্দ্র দখল হবে’, বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি।