বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একটি দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক তা চায় না।’
গতকাল সোমবার সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সিলেট নগরের পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টুকু বলেন, ১৯৭১ সালে যে দলটি আল-বদর, আল-শামস বানিয়ে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে তারা একেক দিন একেক কথা বলছে। কখনো বলছে পিআর সিস্টেম চায়, কখনো বলছে ভোট করার পরিস্থিতি হয় নাই, কখনো বলছে নির্বাচন হলেও অসুবিধা নাই। কখন কী বলে বোঝা যায় না। তবে এটা বোঝা যায়, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচন চায় না।
তিনি বলেন, ‘আমরা হাসিনামুক্ত হয়েছি, কিন্তু ষড়যন্ত্রমুক্ত হই নাই। বিএনপির বিরুদ্ধ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির অপরাধ বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায়, নির্বাচিত প্রতিনিধির হাতে দেশ গড়ার ক্ষমতা দিতে চায়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ চলে যায়নি এবং তাদের লুটপাট শেষ হয়নি। তারা এখনও লুটের টাকা দিয়ে ঘোলা পানিতে (মাছ) শিকার করতে পারে। আমি সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, সবাই সচেতন থাকবেন, যাতে এই উদ্দেশ্য হাসিল না হয়।