বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আবার নির্বাচন নিয়ে যড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল জটিলতা ও সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাত করতে চায়। তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘ মেয়াদে ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চায়।
আজ সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, কয়েকটি দলের নেতা লন্ডনে ড. ইঊনূস ও তারেক রহমানের বৈঠকের পর ইউ টার্ন নিয়ে নির্বাচন বিলম্বিত ও নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা নিত্য নতুন ইস্যু সামনে এনে এবং উসকানি ও উত্তেজনা মুলক বক্তব্যও দিয়ে জটিলতা ও বিভাজনের সৃষ্টি করছে।
তিনি বলেন, নবীন দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছেন। তাদের স্বাগত জনই। জাতীয় সংসদ জয় করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে করতে হবে। মব করে সংসদ জয় করা যাবে না।
তাদের নয়া রাজনৈতিক বন্দোবস্তের প্রমতকারীদের রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারোর চোখ রাঙানিতে ভয় পায় না। তিনি চোখ গরম করে হুমকি না দিয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানান।
তিনি বলেন, ১৬ বছর ফ্যসিবাদের নির্মম দমন নিপীড়ন উপেক্ষা করে আমরা যখন লড়াই করেছি, আপনারা কেউ কেউ তখন ফ্যাসিবাদকে সমর্থন করে আরামে দিন কাটিয়েছেন। জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে, কথা বলে। কারোর রক্ত চক্ষু দেখে বিএনপি তার অবস্থান থেকে সরে আসবে না। বা কারোর উদ্দেশ্যমূলক ও যুক্তিহীন এজেন্ডা মেনে নেবে না।
বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় কর্মীসমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য শহীদুল হক খান সুজন, আবুল কালাম প্র্রমুখ বক্তব্য রাখেন।