মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া মানেই চূড়ান্ত অনুমোদন নয়। ভিসা ইস্যুর পরও একজন আবেদনকারীর পেছনে নজরদারি অব্যাহত থাকে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে সেই ভিসা বাতিলও হতে পারে এমনটাই জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এ কথা জানানো হয়।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য প্রতিটি আবেদনকারীকে অবশ্যই বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই যাচাইয়ের অংশ হিসেবে আবেদনকারীর নাম যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, ‘মনে রাখবেন, ভিসা ইস্যুর পরও যাচাই প্রক্রিয়া শেষ হয় না। যদি কেউ ভিসার শর্ত লঙ্ঘন করেন কিংবা মিথ্যা তথ্য দেন অথবা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আইন ভঙ্গ করেন, তাহলে তার ভিসা যেকোনো সময় বাতিল করা হতে পারে।’