নিবন্ধন স্থগিত রয়েছে এমন দলের নেতারা যেন ভোটে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা নিতে ইসিকে সুপারিশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকায় উত্তীর্ণ করতে বলেছি। এ ছাড়া পিভিসি পোস্টার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছি।
গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন ২৫ লাখ টাকা ব্যয়সীমা করা হয়েছিল, সেই সময়ের বাজারদর আর এখন নেই। সবকিছুর দাম বেড়েছে। তারপরও পোস্টার তুলে দিতে চাইছে। তাই ব্যয়সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকার কথা বলা হয়েছে। এ ছাড়া বিলবোর্ডের কথা বলা হয়েছে প্রচারের জন্য। বিলবোর্ড ভাড়া করতে হলে ৪০ লাখ টাকার মধ্যেও ব্যয় সীমাবদ্ধ রাখা সম্ভব নয়।
নিবন্ধন স্থগিত রয়েছে এমন দলের বিষয়ে তিনি বলেন, নিবন্ধন স্থগিত থাকা দলের কোনো সদস্যের ভোটে দাঁড়ানোর বিষয়টি যেন অযোগ্য ঘোষণা করা হয়। নাম লুকিয়ে যেন সেই দলের কোনো নেতা ভোটে না আসতে পারে, সে ব্যবস্থা করার কথা বলেছি।
এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, নিষিদ্ধ সংগঠন যখন বলছি তখন আওয়ামী লীগের কথা বলছি। সেই কেন্দ্র, জেলা বা উপজেলা কমিটিতেও যারা পদে ছিল, এমন নেতাদের কথা আমরা বলেছি, যেন তাদের ভোটে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয়।