ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা আছেহয় তিনি এ অঞ্চলকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারেন, নয়তো চিরস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিতে পারেন।
আলজাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমরা আলোচনায় পুনরায় ফিরে আসতে কোনো সমস্যা দেখি না। তবে তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পেজেশকিয়ান বলেন, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা আলোচনার ঠিক আগে ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে। ওই ঘটনাকে তিনি ‘নৃশংস অপরাধ’ হিসেবে অভিহিত করেন।
পেজেশকিয়ান প্রশ্ন তুলে বলেন, ‘আমরা কীভাবে যুক্তরাষ্ট্রের ওপর আবার ভরসা করব? কীভাবে নিশ্চিত হব যে, আলোচনার মাঝপথে ইসরায়েলকে আবারও আমাদের ওপর হামলার অনুমতি দেওয়া হবে না?’
তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ শুধু এ অঞ্চলেরই নয়, বরং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ক্ষতিকর হবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শান্তি চাই, তবে এর জন্য পারস্পরিক সম্মান ও আস্থা প্রয়োজন।’
মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আশঙ্কা এ অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। পেজেশকিয়ানের এ বক্তব্য এমন এক সময়ে এলো যখন আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে।