জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন-সংক্রান্ত আদেশ হবে পরশু বৃহস্পতিবার। গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন ধার্য করে। মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এখন পর্যন্ত পলাতক আছেন। গত ১ জুলাই প্রসিকিউশন তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আরজি জানিয়ে শুনানি করেছিল। গতকাল শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শুনানি করে আসামির অব্যাহতির আরজি জানান।
অ্যাডভোকেট আমির হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে যেসব কথাবার্তা (অভিযোগ) এসেছে, তা কল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’