চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান

তিন দফা দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেডের পাশাপাশি জলকামান ব্যবহার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার পর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যেতে থাকলে কাকরাইল মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা; পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। গতকাল সকালে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখলেও তা উপেক্ষা করে যমুনা অভিমুখে রওনা দেন। পরে তারা মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদ মোড়ের কাছে অবস্থান নেন।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, যে যার মতো চলে গেছে। যান চলাচল স্বাভাবিক আছে। এ পর্যন্ত ১৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’