গ্ল্যাডিয়েটর জকোভিচের জয় দেখে কোহলি বললেন, ‘কি দারুণ ম্যাচ!’ 

উইম্বলডনের সেন্টার কোর্টে গতকাল এক জমজমাট ম্যাচে সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচের চতুর্থ রাউন্ডের খেলায় উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী, বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা। জকোভিচ ১-৬ সেটে হার দিয়ে শুরু করলেও দারুণ প্রত্যাবর্তনে টানা তিন সেট ৬-৪, ৬-৪, ৬-৪ জিতে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।

খেলা শেষে কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, “কি দারুণ ম্যাচ! গ্ল্যাডিয়েটরের (জকোভিচ) জন্য এটা যেন রুটিন বিজয়ই ছিল।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট জকোভিচের খেলা দেখে কতটা মুগ্ধ হয়েছেন তিনি।

তবে কেবল কোহলি-অনুশকাই নয়, সেদিন উইম্বলডনের গ্যালারিতে দেখা গেছে আরও অনেক ক্রীড়াবিদের মুখ। ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ও কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনও হাজির ছিলেন জকোভিচের খেলায়। সবচেয়ে বড় চমক ছিল উইম্বলডনে ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের উপস্থিতি।

 জয়ের পর অন-কোর্ট সাক্ষাৎকারে ফেদেরার প্রসঙ্গে জকোভিচ বলেন, “সম্ভবত এটাই প্রথমবার সে আমার খেলা লাইভ দেখেছে এবং আমি জিতেছি! এর আগের দুবারে হেরেছিলাম, তাই এই ‘অভিশাপ’ ভাঙাটা দারুণ লাগছে। রজার একজন বিশাল চ্যাম্পিয়ন, আমি সবসময়ই ওকে সম্মান করেছি।”

ফেডেরারের প্রশংসা করে জকোভিচ আরও বলেন, “আমরা বহু বছর একসাথে কোর্ট শেয়ার করেছি। এখানে ওকে আবার ফিরে পেয়ে ভালো লাগছে। উইম্বলডনে সবচেয়ে সফল খেলোয়াড় সে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

এদিকে অ্যালেক্স ডি মিনরকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে জকোভিচ মুখোমুখি হবেন ইতালির ফ্লাভিও কোবোল্লির, যিনি চতুর্থ রাউন্ডে মারিন সিলিচকে ৬-৪, ৬-৪, ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৩) সেটে হারিয়ে এগিয়ে যান।