পটুয়াখালীতে অতিভারী বৃষ্টি, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরের ওপর বায়ুচাপের তারতম্য এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় পটুয়াখালীসহ আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় জেলায় ২১৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

টানা এক সপ্তাহের বর্ষণে পটুয়াখালী পৌর শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে আছে সবুজ বাগ, নতুন বাজার, তিতাস মোড়সহ বিভিন্ন এলাকার রাস্তা। জলে তলিয়ে গেছে গ্রামীণ অঞ্চলের বহু মাছের ঘের ও পুকুর। 

অন্যদিকে, কুয়াকাটার উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড় বেড়েছে। ছোট-বড় ঢেউ এসে আছড়ে পড়ছে উপকূলজুড়ে। সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানিয়েছেন, পরিস্থিতির প্রেক্ষিতে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে—এই আশঙ্কায় পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।