টি-টোয়েন্টির জন্যে টেস্ট বাদ দিলেন কেন উইলিয়ামসনও।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকছেন না কেন উইলিয়ামসন। বর্তমানে ইংল্যান্ডে মিডলসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা এই ব্যাটার পরবর্তী সময়ে অংশ নেবেন 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টেও। ফলে জাতীয় দলের এই সফরের সময়টাও কাটবে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

টেস্ট ক্রিকেটে সাধারণত আগ্রহী কেন উইলিয়ামসন, তবে সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ম্যাচ বেছে খেলছেন তিনি। এবার জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

উইলিয়ামসনের পথ অনুসরণ করেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলও। দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলতে যাওয়ার কারণে তিনিও থাকছেন না এই সফরে। ব্রেভের দল তাকে ২ লাখ পাউন্ডে দলে নিয়েছে।

জিম্বাবুয়ে সফরের এই দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই উইলিয়ামসন ও ব্রেসওয়েলের অনুপস্থিতিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ড দলের নতুন প্রধান কোচ রব ওয়াল্টার। 

সফরে ব্যক্তিগত কারণে থাকছেন না কাইল জেমিসন। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় থাকা এই পেসার ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে। অন্যদিকে, ইনজুরির কারণে বাইরে রয়েছেন বেন সিয়ার্স। ফলে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার ম্যাট ফিশার। ফিশারের সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার জ্যাকব ডাফিও, যিনি এখনো টেস্ট খেলেননি, তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফাস্ট বোলিং ইউনিটে রয়েছেন আরও ম্যাট হেনরি, উইল ও'রুর্কি ও নাথান স্মিথ। স্পিন বিভাগে আছেন এজাজ প্যাটেল, মিচেল সান্টনার ও গ্লেন ফিলিপস।

দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার হেনরি নিকোলস। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে সফরের পর টেস্টে ছিলেন না তিনি। ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ৬ ইনিংসে ৪৬৪ রান করে নির্বাচকদের নজর কাড়েন নিকোলস।

আগামী ৩০ জুলাই ও ৮ আগস্ট বুলাওয়েতে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের দুটি টেস্ট।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড (জিম্বাবুয়ে সফর)
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রুর্কি, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনার, নাথান স্মিথ, উইল ইয়াং।