ব্রাজিলের ক্লাব বোটাফোগো নতুন কোচ হিসেবে ডেভিড আনচেলোত্তিকে নিয়োগ দিতে যাচ্ছে। ইএসপিএনের খবর অনুযায়ী, এই ইতালিয়ান কোচ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন।
৩৫ বছর বয়সী ডেভিড কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তির ছেলে। তবে এবার বাবার ছায়া থেকে বেরিয়ে প্রথমবারের মতো এককভাবে কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
কোচিং ক্যারিয়ারে ডেভিদের যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে, বাবার হাত ধরেই। তখন কার্লো আনচেলোত্তি ছিলেন পিএসজির কোচ, আর ডেভিড সেখানে ছিলেন ফিটনেস কোচ। এরপর ২০১৩ সালে কার্লো যখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন, ডেভিড হয়ে যান ফিটনেস কোচের সহকারী। ২০১৬ সালে উয়েফার এ লাইসেন্স অর্জনের পর বাবার সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন। সেই বছরেই বায়ার্ন মিউনিখে বাবার সঙ্গে যোগ দেন সহকারী কোচ হিসেবে। এরপর একে একে নাপোলি, এভারটন, রিয়াল মাদ্রিদ—সবখানেই বাবার সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।
মে মাসে কার্লো আনচেলোত্তি ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হন, এবং ডেভিডও তার সহকারী হিসেবে দলে যোগ দেন। তবে তার আগেই বিভিন্ন সূত্রে জানা যায়, ডেভিড নিজেই একজন প্রধান কোচ হতে চান—এককভাবে একটি দলের পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী তিনি।
বোটাফোগোর মালিক জন টেক্সটরের কাছে ডেভিডই ছিলেন রেনাতো পায়বার বদলি হিসেবে প্রথম পছন্দ। পায়বা ৩০ জুন ফিফা ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের কাছে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন।
বোটাফোগো বর্তমানে ব্রাজিলিয়ান সিরি আ লিগে অষ্টম স্থানে রয়েছে, শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর থেকে ছয় পয়েন্ট পেছনে। ক্লাবটির SAF (ফুটবল অ্যানোনিমাস সোসাইটি) যুগ শুরু হওয়ার পর এই নিয়ে সপ্তম কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দাভিদে আনচেলোত্তি। এ পর্যন্ত কেবল লুইস কাস্ত্রো এক বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন।