কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গলাকাটা মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজাপালং ইউনিয়নের মনখালী খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার।
নিহত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের বাসিন্দা সিদ্দিক আহমদের ছেলে কামাল হোসেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য ছিলেন।
এসআই দুর্জয় সরকার জানান, নিহতের পরিবার জানিয়েছে, সোমবার রাত ১১টার পর কামাল হোসেন বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে মনখালী খালের পাশে স্থানীয় কয়েকজন একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তাটি খুললে ভেতরে কামাল হোসেনের গলাকাটা মরদেহ পাওয়া যায়। পরে স্বজনরা লাশটি শনাক্ত করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, কীভাবে ঘটিয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।’