দেশের জন্য দুর্ভাগ্য এখনো গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কথা বলার স্বাধীনতা থাকতে হবে। ভিন্ন মত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য। কেউ কারও মতের সঙ্গে একমত না হলেও, সে মতামতটিকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে দীর্ঘ সময় দেশে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি। তবে সবাই যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এমন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।
আগামীর বাংলাদেশ নিয়ে তিনি বলেন, সময় তো ভালো যাচ্ছে না। অনেকেই অনেক কথা বলছেন। আমি সবসময় আশাবাদী। বাংলাদেশে আরও ভালো সময় আসবে। একদিন বাংলাদেশে মাথা উঁচু করে আমরা অবশ্যই দাঁড়াবো।
এ সময় কেন্দ্র ও প্রান্তের দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব অর্থাৎ প্রান্তের সঙ্গে কেন্দ্রের দূরত্ব না কমাতে পারলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে।
নতুন বাংলাদেশে সব ধরনের বৈষম্য দূর হবে বলেও আশাবাদ জানান তিনি।