বাংলাদেশের নখদন্তহীন বোলিং গুঁড়িয়ে কুশলের দাপুটে সেঞ্চুরি

সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছে না স্বাগতিক শ্রীলঙ্কা। ৪১ ওভার শেষে তারা ৪ উইকেটে ২২৫ রান তুলে ফেলেছে। ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল মেন্ডিস। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাও ফিফটি করে শিকার হয়েছেন তাসকিন আহমেদের। ভেঙেছে শতাধিক রানের জুটি।

পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের শুরুটা হয়েছিল দারুণ। ওপেনিং জুটি ১৩ রানের বেশি স্থায়ী না হলেও ব্যাটাররা দাপটে ব্যাট চালাচ্ছিলেন। তানজিম সাকিবের বলে নিশান মাদুশকা (১) ফেরার পর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে (৩৫) ফেরান তানভীর ইসলাম। এরপর চারে নামা কামিন্দু মেন্ডিস ১৬ রান করে টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হয়ে যান।

এরপরই দারুণ জুটি গড়েন কুশল মেন্ডিস আর আসালাঙ্কা। লঙ্কান অধিনায়ক ফিফটি পূরণ করেন ৬০ বলে। তবে ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে কুশল সময় নেন মাত্র ৯৫ বল; হাঁকান ১৬টি বাউন্ডারি। তাদের চতুর্থ উইকেট জুটিতে ১১৭ বলে আসে ১২৪ রান। শেষ পর্যনত ৬৮ বলে ৫৮ রান করা আসালাঙ্কাকে আউট করে এই জুটি ভাঙেন তাসকিন। ১১২ রানে অপরাজিত কুশল মেন্ডিসের সঙ্গে যোগ দিয়েছেন জানিথ লিয়ানাগে।