শেষ ওয়ানডেতে বাংলাদেশের ওপর রান পাহাড় চাপাল শ্রীলঙ্কা

যারা জিতবে, সিরিজ তাদের- এমন সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে কঠিন টার্গেট ছুড়ে দিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকরা তুলেছে ৭ উইকেটে ২৮৫ রান। বাংলাদেশি বোলারদের মধ্যে একমাত্র অধিনায়ক মিরাজই পাঁচের নিচে রান দিয়েছেন।

পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের শুরুটা হয়েছিল দারুণ। ওপেনিং জুটি ১৩ রানের বেশি স্থায়ী না হলেও ব্যাটাররা দাপটে ব্যাট চালাচ্ছিলেন। তানজিম সাকিবের বলে নিশান মাদুশকা (১) ফেরার পর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে (৩৫) ফেরান তানভীর ইসলাম। এরপর চারে নামা কামিন্দু মেন্ডিস ১৬ রান করে টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হয়ে যান। এরপরই দারুণ জুটি গড়েন কুশল মেন্ডিস আর আসালাঙ্কা। লঙ্কান অধিনায়ক ফিফটি পূরণ করেন ৬০ বলে।

তবে ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে কুশল সময় নেন মাত্র ৯৫ বল; হাঁকান ১৬টি বাউন্ডারি। তাদের চতুর্থ উইকেট জুটিতে ১১৭ বলে আসে ১২৪ রান। শেষ পর্যনত ৬৮ বলে ৫৮ রান করা আসালাঙ্কাকে আউট করে এই জুটি ভাঙেন তাসকিন। ৪৬তম ওভারে শামীম হোসেনের বলে কট অ্যান্ড বোল্ড হন ১১৪ বলে ১৮ বাউন্ডারিতে ১২৪ রান করা কুশল। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৮*) এবং দুশ্মন্ত্য চামিরার (১০*) দুটি ক্যামিওতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ।