খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আওয়াল (২২) নামে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, আওয়াল নামে ফুলতলা উপজেলার একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে খুমেক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন। এছাড়া মারা গেছেন ৪ জন। মারা যাওয়া চারজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।