তারুণ্যের উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

তরুণদের শক্তিকে জাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ৩০ ডিসেম্বর শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে এ উৎসব। এর মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত করা, সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেওয়া হয়েছে। উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরতার মাধ্যমে দেশের সম্পদে পরিণত হতে তাদের উৎসাহিত করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি উৎসবের সমাপনী ঘোষণা করা হলেও সরকারের পরবর্তী সিদ্ধান্তে এর মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ তরুণদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ এগিয়ে যাবে সাফল্য ও অর্জনের পথে এ প্রত্যাশায় নতুন উদ্যমে চলছে এই আয়োজন।

প্রথম পর্যায়ে উৎসবের বিভিন্ন কর্মসূচিতে ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন নারী, ৪৪ লাখ ২৪ হাজার ৩০২ জন পুরুষসহ মোট ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন তরুণ-যুবক সরাসরি অংশ নিয়েছে। ১৩ হাজার ৭১১টি ইভেন্টের মধ্যে শুধু নারীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট ছিল ২ হাজার ৯৩১টি।

ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া অফিস দেশ জুড়ে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজন করে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। এর মধ্যে নারীদের ৮৫৫টি ম্যাচে কমপক্ষে ২৫ হাজার ৬০০ জন নারী অ্যাথলেট অংশ নিয়েছেন।

‘তারুণ্যের উৎসব ২০২৫’ প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি উদ্যোগ, যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং ২৬টি মন্ত্রণালয়ের সমন্বয়ে উদযাপিত হচ্ছে। এর লক্ষ্য জাতীয় ঐক্য ও সহযোগিতার চেতনা বৃদ্ধি করা, উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরতার মাধ্যমে দেশের সম্পদে পরিণত হতে তরুণদের উদ্বুদ্ধ করা এবং স্থানীয় ও তৃণমূল পর্যায়ের উদ্যোগকে বিশ্বের কাছে তুলে ধরা।

অংশ নিতে এবং সর্বশেষ খবর ও ইভেন্ট আপডেট পেতে ভিজিট করুন: https://youth.gov.bd/