চলতি বছরে প্রথমবারের মতো লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ ডোবানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার হুতিরা জানিয়েছে, গত রবিবার তারা বিস্ফোরক ভরা দূরনিয়ন্ত্রিত নৌকা, রকেট দিয়ে আঘাত হেনে ও গুলিবর্ষণ করে মালবাহী জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে। জাহাজটির গ্রিক পরিচালনা কোম্পানি স্টেম শিপিং রয়টার্সকে বলেছে, তারা স্বতন্ত্রভাবে বিষয়টি যাচাই করতে পারেনি। জাহাজটি ডুবে গেছে কি না, রয়টার্সও তা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে জানান, জাহাজটির ক্রুরা তাদের নৌবাহিনীর সতর্কবার্তা ও কল উপেক্ষা করার পর জলযানটিতে হামলা চালানো হয়।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলছেই। গতকাল উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৪ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমবার রাত ১০টার কিছু পর বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হয়। সেনারা হেঁটে অভিযানে ছিল, কোনো গাড়িতে ছিল না।