আওয়ামী লীগ সরকারের সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয়। গত বছরের ১৭ ডিসেম্বর এ রায় দিয়েছিল বিচারপতি ফারাহ মাহবুব (এখন আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব। কনিষ্ঠ বিচারক তাতে একমত পোষণ করেন।
সংশ্লিষ্ট বিষয়ে পৃথক রিট আবেদনের ওপর দেওয়া রুল আংশিক মঞ্জুর করে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। ঘোষিত রায়ে হাইকোর্ট বলে, এ ধারা (২০ ও ২১) দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। একই সঙ্গে এ দুটি ধারাসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ ক, ৭ খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্ট। এ ছাড়া রায়ে সংবিধানের যেকোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে আদালত। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলে, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা গণতন্ত্র, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যেগুলো সংবিধানের মূল কাঠামো, তা ধ্বংস করেছে।’
হাইকোর্টের এই রায়ে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয় যেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল।