ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দেশে চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনা অনেক বড় করে দেখানোর চেষ্টা করছে একটি মহল। আর স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা সে অপপ্রচারে লিপ্ত রয়েছে। পবিত্র আশুরা ও ১০ মহররম উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে আশকোনা কমিউনিটি সেন্টার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেছেন।
মোস্তফা জামান বলেন, বিএনপি একটি বৃহত্তর দল। ৫ আগস্টের পর থেকে একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে। দেশের কিছু বিচ্ছিন্ন ঘটনা, অনেক বড় করে দেখানোর চেষ্টা করছে তারা; যা অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন, বিএনপির পক্ষ থেকে সারা দেশে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নির্দেশনা অমান্য করলেই সে যেই হোক, তাকে জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে। যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবে বা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।
আলাউদ্দিন সরকার টিপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, উত্তরখান থানার আহ্বায়ক আহসান হাবিবসহ বিমানবন্দর থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতাকর্মীরা।