সহায়তার টাকা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিস ভাঙচুর

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ফাউন্ডেশনের অফিস কক্ষে প্রথমে তালা লাগান তারা। পরে ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে সেখানে ভাঙচুর করা হয়। এ সময় ২০ থেকে ২৫ জন জুলাই যোদ্ধা সেখানে ছিলেন।

হামলাকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে। এরপর আজ (গতকাল) টাকা দেওয়ার তারিখ দিয়েছিল। কিন্তু আজও টাকা দেওয়া হয়নি।

সহায়তার এই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা গতকাল দুপুরের পর ওই অফিসের সামনে ভিড় করেন। ৩ ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর তাদের জানান, ‘আজ টাকা দিতে পারবেন না।’ তার এই কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন। এর মধ্যে ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করলে সেখানে ভাঙচুর করা হয়।

মামুন হোসেন নামে আহতদের একজন বলেন, জুলাই ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন, এরপর সবাই ক্ষুব্ধ হয়ে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালান।

এ বিষয়ে জানতে চাইলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর গণমাধ্যমকে বলেন, জুলাই আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন। তাদের রাগ-ভাঙচুর এটার একটা প্রেক্ষাপট আছে। তাদের বিষয়ে কোনো অভিযোগ নেই। তারা ভেঙেছেন, তারা উত্তেজিত-অবসাদগ্রস্ত। তারা ভবিষ্যতে কী করবেন, সেটি নিয়ে হতাশার মধ্যে আছেন। সে কারণে তারা হয়তো ভাঙচুর করেছেন।