জলাবদ্ধতা নিরসনে যেসব উদ্যোগ নিয়েছে ডিএসসিসি

ঘন বৃষ্টিপাতের আশঙ্কা মাথায় রেখে জলাবদ্ধতা মোকাবিলায় দ্রুত উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করে মাঠে নামানো হয়েছে এবং পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরাও সমন্বিতভাবে কাজ করছেন।

আজ বুধবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃষ্টির কারণে সৃষ্ট সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলার অংশ হিসেবে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো অস্থায়ী জলাবদ্ধতা চিহ্নিত করে দ্রুত প্রতিক্রিয়ার জন্য নিয়োজিত থাকবে।

এছাড়া, কোনো এলাকায় হঠাৎ পানি জমে গেলে তাৎক্ষণিকভাবে কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ০১৭০৯৯০০৮৮৮ চালু রাখা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে নগরবাসী দুর্ভোগে না পড়েন।