ঋতুপর্ণার অসুস্থ মায়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  আজ বুধবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রাম মগাছড়িতে যান সংগঠনের একটি প্রতিনিধি দল।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ভূজোপতি চাকমার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। এ সময় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে ভূজোপতি চাকমা ও তাঁর পরিবারের জন্য তারেক রহমানের সহমর্মিতা ও শুভকামনা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রিজভী।

প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা ২০১৫ সালে ক্যান্সারে মারা যান। বাবার অনুপ্রেরণাতেই তিনি ফুটবলে ক্যারিয়ার গড়ে তুলেছেন। খেলাধুলার পাশাপাশি তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে দুটি এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে একটি গোল করে জাতীয় দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন ঋতুপর্ণা।