অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার হাসপাতালে বর্ষীয়াণ এই শিল্পীকে দেখতে যান বিএনপি মহাসচিব।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। বিশেষ করে লালনসঙ্গীতে তিনি অদ্বিতীয় এবং বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় শিল্পী তিনি। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীতজগতে তার যে একচ্ছত্র প্রভাব অক্ষুণ্ন রেখেছেন। অসুস্থ হয়ে তিনি এখানে এসেছেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার কিডনির সমস্যা আছে। প্রধানত রেনাল প্রবলেম এবং অন্যান্য সমস্যা আছে। বেশ আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকরা তার যথেষ্ট দেখভাল করছেন। সরকারের কাছে আমার আহ্বান, এমন গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য বিশেষ বোর্ড তৈরি করা উচিত। অবিলম্বে বোর্ড করে প্রয়োজনে বিদেশে হলেও তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এটা জাতির চাওয়া।’
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতি আমি অনুরোধ করব, আহ্বান জানাব তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। ফরিদা পারভীনকে যেন সর্বোচ্চ চিকিৎসা দেয়া সম্ভব হয়। ’
অসুস্থ হয়ে কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। দীর্ঘদিন ধরে কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সম্প্রতি সামাজিকমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা।