গুজরাটে সেতু ভেঙে নদীতে যানবাহন, ১০ জন নিহত

ভারতের গুজরাটে ৪৩ বছরের পুরনো একটি সেতু ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেতুতে থাকা যানবাহন নদীতে পড়ে একই পরিবারের তিনজনসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ঘটনাটি ঘটেছে গুজরাটের বরোদা জেলায় স্থানীয় মহিসাগর নদীর সেতুতে। ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভদোদরার পুলিশ সুপার রোহন আনন্দ জানান, মৃতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। ঘটনায় আরও তিনজন নিখোঁজ। উদ্ধারকাজে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী কাজ করছে।

পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে একটি ‘আকস্মিক মৃত্যুর মামলা’ রুজু করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর তদন্ত শুরু হবে। জেলা প্রশাসকের কাছ থেকে তদন্ত প্রতিবেদনও চাওয়া হবে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাদ্রা রেফারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভেঙে পড়া সেতুটি বরোদার পাদ্রা তালুকার মুজপুর এলাকায় অবস্থিত। এটি মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরা এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সংযোগ সেতু।