পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি। বুধবার (৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
হজযাত্রীদের মধ্যে ৫ হাজার ৮৭ জন সরকারিভাবে এবং ৭৫ হাজার ৪১৩ জন বেসরকারিভাবে দেশে ফিরেছেন। হজ যাত্রী পরিবহনে অংশ নিয়েছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস।
হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৫ হাজার ৪৩৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৬৯০ জন।
এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন আরও ৬ হাজার ২৯২ জন হাজি। এ পর্যন্ত হজ শেষে দেশে ফেরত আনতে ২১০টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।