টাঙ্গাইলের মির্জাপুরে ফালু মিয়া (৪০) নামের এক রিক্সা চালককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে রিক্সা মালিকের বিরুদ্ধে। এঘটনায় রিক্সা মালিক জিয়ারত মৃধা ও তার শ্যালক মামুন মিয়াকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।
বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া গুচ্ছগ্রামে আটক জিয়ারত মৃধার ঘর থেকে ওই রিক্সা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করেন রিক্সা মালিক জিয়ারত।
নিহত ফালু মিয়ার স্ত্রী বিউটি বেগম বলেন, মঙ্গলবার দুপুরে ছিনতাইকারীরা তার স্বামীকে মারধর করে রিক্সা ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি রিক্সার মালিক জিয়ারতকে জানাতে গেলে জিয়ারত তার স্বামীর কথা বিশ্বাস না করে তাকে মারধর করে ঘরে আটকে রাখে। বুধবার সকালে জানতে পারি আমার স্বামী মারা গেছে। সেখানে যেয়ে দেখি ঘরের ধরনার সঙ্গে একটি গামছা ঝুলানো আর আমার স্বামীর লাশ নিচে শোয়ানো।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপ পরিদর্শক গোলাম সারোয়ার বলেন, জিয়ারত মিয়ার ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটাকি হত্যা নাকি আত্মহত্যা ময়ণাতদন্তের রিপোর্ট ছাড়া তা বলা সম্ভব না।