বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব যুগ বলতে গেলে শেষ। শুধু মুশফিকুর রহিম খেলে যাচ্ছেন লাল বলে। এই পাঁচ সুপারস্টারের অভাব ভালোমতোই অনুভব করছে দেশের ক্রিকেট। পরবর্তী প্রজন্মের বাজে পারফর্মেন্সের কারণে দর্শকরাও আগ্রহ হারিয়েছে। অন্যদিকে হামজা চৌধুরীদের আগমনে ফুটবল ফিরে পাচ্ছে জনপ্রিয়তা। তাই ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখতে হামজার মতো একজন আইকনিক ফিগার চান আকরাম খান।
আজ বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির এই পরিচালক ক্রিকেট দলে কোনো আইকনিক খেলোয়াড় না থাকার আক্ষেপ করলেন, ‘আপনি যদি পারফর্ম না করেন, তাহলে তো প্রভাব পড়বেই। এটা এখন না হোক, পরে হবে। একটা দেশে আইকন অনেক গুরুত্বপূর্ণ। ফুটবলে হামজা এসেছে, আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বেড়েছে, আগ্রহ বেড়েছে। আমার বাসায় আমার মেয়েও গেছে খেলা দেখতে।’
দর্শক হারানোর নেতিবাচক প্রভাব ইতোমধ্যেই পড়েছে দেশের ক্রিকেটে। গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ দেখাতে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের আগ্রহ ছিল না। শেষ পর্যন্ত ওই সিরিজ দেখানো হয়েছে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে। আগামী ২০ তারিখ থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ দেখানোর আগ্রহী কোনো সম্প্রচারকও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সাকিব-তামিমরা এখন নেই। তাই দর্শকদের আগ্রহ ফেরাতে হামজার মতো একজন আইকনিক ফিগার এবং পারফর্মার চান আকরাম, ‘এ ধরনের (হামজার মতো) আইকন খুব গুরুত্বপূর্ণ। যখন সাকিব ছিল, তামিম ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আমাদেরও আগ্রহ বেড়েছে। দলও ভালো পারফর্ম করেছে। দল যদি খারাপ করে তাহলে তো প্রভাব ফেলবে। মানুষ খেলা দেখে, যাকে পছন্দ করে, তার খেলা দেখে। সে যদি পারফর্ম না করে, তাহলে নিরাশ হয়ে যায়। আইকনিক খেলোয়াড়র জন্য ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। বড় বড় যারা খেলোয়াড় আছে, তারা বেশির ভাগ ম্যাচে পারফর্ম করে, যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। আমাদের ধারাবাহিকতার খুবই অভাব। এটা থেকেই বের হতে হবে।’