গাইবান্ধার সুন্দরগঞ্জে ওএমএসএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং লটারির নামে প্রহসনের অভিযোগ উঠেছে। লোক দেখানো লটারির মাধ্যমে এসব ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
বুধবার (৯ জুলাই) উপজেলার বাহিরগোলা মোড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সর্বস্তরের জনগণ। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক- ইফতেখার হোসেন পপেল, যুগ্ন আহবায়ক- নাহামুদুল হক রাসেল, মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, পৌর যুবদলের আহ্বায়ক- আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক- বলিউজ্জামান মন্ডল রিয়াল, উপজেলা যুবদলের সদস্য সচিব- আলম জামান মিন্টুসহ অনেকেই।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের যোগসাজসে পক্ষপাত মুলক ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে লটারির নামে প্রহসন করে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। লটারির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লোক দেখানো উম্মুক্ত লটারির আয়োজন করা হয়। এখানে আগে থেকেই নির্বাচিত লোকজনকে লটারিতে বিজয়ী করে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, আমরা ডিলার নিয়োগে সচ্ছতা রাখতেই উম্মুক্ত লটারির আয়োজন করেছি। ডিলারদের কাগজ যাচাই-বাছাই করার পর যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে লটারি করা হয়েছে। যে ইউনিয়নে অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো স্থগিত করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি বা ওএমএসএস এর ডিলার নিয়োগে কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই।