নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর টহল দলের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার গহরদী ও মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চৈতনকান্দা এলাকার মো. সামসুল আলম (৪৫) ও গহরদী গ্রামের মাহফুজা আক্তার (৩৩)। আটকের পর তাদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সামসুল আলম এর কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা, এক লক্ষ ৩৩ হাজার টাকা, তিনটি বাটন ফোন ও একটি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। পরে মাহফুজা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা, নগদ ১০০০ টাকা, তিনটি বাটন ফোন, চারটি এন্ড্রয়েড ফোন ও দুইটি আইডি কার্ড জব্দ করা হয়। অভিযান শেষে তাদের এবং উদ্ধারকৃত আলামত আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।’