বিস্ফোরক মামলায় আরও ছয় বিশেষ পিপি নিয়োগ

১৬ বছর আগে রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করতে আরও ছয় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন দেয় আইন ও বিচার মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ। নিয়োগপ্রাপ্ত ছয় আইনজীবী হলেন মো. আনিছুর রহমান, মোহাম্মদ উল্লাহ (জুয়েল খান), মো. ফায়জুল আলম শুভ, রুহুল কাইয়ুম, সাকিল আহমাদ ও মো. ছেফায়েত উল্যা। প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এ কৌঁসুলিরা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

এর আগে গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে এ মামলায় ২০ জন বিশেষ পিপি নিয়োগ দেয় আইন ও বিচার মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ। এর মধ্যে এ মামলার প্রধান কৌঁসুলি মো. বোরহান উদ্দিনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়, দুজনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এবং ১৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় সুযোগ-সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর এ মামলায় আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া রাষ্ট্রপক্ষের ১৭ জন বিশেষ পিপির নিয়োগ বাতিল করা হয়। বিস্ফোরক মামলাটিতে এখন সাক্ষ্যগ্রহণ চলছে।