সজল  হত্যা মামলায় জামিন মেলেনি আইভীর

জুলাই গণঅভ্যুত্থানকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই আদেশ দেন। এর আগে মামলায় আইভীর পক্ষের আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন।

মামলা সূত্রে জানা যায়, সজল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় একটি জুতা কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল। এই ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।