যমুনায় অভিযান

দৌলতপুরে ১৫০টি অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল। উদ্ধারকৃত এসব জালের বাজারমূল্য প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার প্রবল বর্ষণের মধ্যেই এই বিশেষ অভিযান চালানো হয় দৌলতপুর উপজেলার বাচামারা, চরকাটারী ও বাঘুটিয়া এলাকার যমুনা নদীতে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন। তিনি বলেন, "উদ্ধার করা চায়না দুয়ারী জালের বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। সব জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।"

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী ও মৎস্য দপ্তরের জিয়াউর রহমান জিয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, "বর্ষা মৌসুমে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

অবৈধ জালদ্বারা মৎস্যসম্পদ রক্ষায় এই অভিযানকে প্রশাসনের নিয়মিত তৎপরতার অংশ বলে উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।