জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা পুশইন করা সন্দেহভাজন সাতজনকে আটক করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী ওই এলাকা থেকে চার নারী ও তিন পুরুষকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা সন্দেহে আটক করেন।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেব জানান, ভোরে এলাকাবাসী অজ্ঞাতপরিচয় সাতজনকে এলোমেলোভাবে চলাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন সেখানে ছিলেন। পরে রাতে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের বাংলাদেশে পুশইন করে দেয়।
ঘটনার বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীমান্ত এলাকা থেকে তাদের থানায় আনা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।