নির্বাচনের মাধ্যমে গঠিত হলো বাংলাদেশ আইটি প্রফেশনালস ক্লাবের নতুন কমিটি

বাংলাদেশ আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেড (BITPCL)-এর ২০২৫–২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি এবার প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। রাজধানীতে ক্লাবের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সদস্যদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

নির্বাচন শেষে ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট সালেহ মবিন নতুন প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদের কাছে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। একইসঙ্গে ক্লাবের অন্যান্য পদেও নির্বাচিত হন নতুন নেতৃবৃন্দ।

নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ফারুক আজম এরশাদ। তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন। জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন জুয়েল রানা এবং জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ তাহের।

ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত সদস্যদের মাঝে আনন্দ ও আশাবাদ ছড়িয়ে পড়ে। নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে আস্থা প্রকাশ করেন অনেকে।

উল্লেখ্য, বাংলাদেশ আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেড দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশি আইটি পেশাজীবীদের সংগঠিত করে উন্নয়নমুখী নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির হাত ধরে ক্লাবের কর্মকাণ্ড আরও বেগবান হবে।