দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাধাগ্রস্ত হয়েছে যোগাযোগব্যবস্থা। এ অবস্থায় পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়েই তিন বোর্ড এই সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে বোর্ডগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কেবল ১০ জুলাইয়ের পরীক্ষাগুলোই স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে। শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কুমিল্লা বোর্ড
ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে প্লাবনের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে। তারা জানিয়েছে, ১৩ জুলাই থেকে অন্যান্য পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
মাদ্রাসা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, সারাদেশে একযোগে একই প্রশ্নে আলিম পরীক্ষা নেওয়া হয়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণে সারাদেশে একযোগে ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কারিগরি বোর্ড
কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানিয়েছেন, আজকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে। কারণ, এসব পরীক্ষা একই প্রশ্নে একযোগে নেওয়া হয় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্যোগের কারণে সারাদেশে তা বন্ধ রাখতে হয়েছে।