ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফের পুশইনের মাধ্যমে ২১ বাংলাদেশিকে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ভারতের মেঘালয়ের বাঘমারা সীমান্ত দিয়ে এই পুশইনের প্রক্রিয়া শুরু করে বিএসএফ। খবর পেয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আড়াপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিজয়পুর বিওপির ৩১ বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে ১৯ জন হিজরা (তৃতীয় লিঙ্গ) এবং ২ জন পুরুষ রয়েছেন। বিজিবির বরাতে জানা গেছে, আটক ব্যক্তিরা ঢাকা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা কেউ কাজের উদ্দেশ্যে, কেউ ঘুরতে আবার কেউ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।
বিজিবির তথ্য অনুযায়ী, বিজয়পুর বিওপির আওতাধীন ১১৪৮/৪-এস ১৪৪ সীমান্ত চিহ্নসংলগ্ন এলাকায় ভারতের দেবেন্দ্র বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২১ জনকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে ঠেলে পাঠায়। সে সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবি আরও জানায়, এর আগে গত ২৯ জুন ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন স্থান থেকে ওই ২১ জনকে আটক করা হয়। ৯ জুলাই দিল্লির নাসিরাবাদ বিমানবন্দর থেকে বিমানযোগে তাদের আসামের গুয়াহাটিতে পাঠানো হয়। সেখান থেকে স্থলপথে বাঘমারা সীমান্তে এনে শুরু হয় পুশইন প্রক্রিয়া।
নেত্রকোনার ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম কামরুজ্জামান জানান, ‘আটকদের ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পর তাদের দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে জিডি এন্ট্রি করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবে।’
প্রসঙ্গত, এর আগেও একই সীমান্ত দিয়ে একাধিক দফায় বাংলাদেশিদের পুশইন করেছে ভারতীয় বিএসএফ। গত জুন মাসের প্রথম সপ্তাহে তিন দফায় মোট ৫১ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। এর মধ্যে ৪ জুন একদিনেই ২২ নারীসহ ৪০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছিল।