আইসিসিতে শেখ হাসিনার বিচার দাবি অ্যামনেস্টির

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে গত বছরের ১লা জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোকে রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রেরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সংগঠনটির সাউথ এশিয়া ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিবিসি আই ও বিবিসি বাংলার যৌথ অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে দাবি করা হয়েছে, তিনি আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

অ্যামনেস্টি এই প্রমাণকে ভিত্তি করে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে পুনরায় দায়ীদের জবাবদিহির দাবি জানায়। তাদের বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ওই সময়ের বিক্ষোভে প্রায় ১,৪০০ জন নিহত হন। এদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে প্রাণ হারান, যেখানে প্রাণঘাতী ধাতব ছররা ব্যবহারের প্রমাণ মিলেছে। এছাড়া হাজারো মানুষ গুরুতর আহত হয়েছেন। যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে।

সংস্থাটি বাংলাদেশ সরকারকে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে বলেছে। পাশাপাশি, বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও প্রক্রিয়াগত সুরক্ষা নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি জোর দিয়ে বলে, শুধু সরাসরি সহিংসতায় জড়িতরা নয়, যারা এ ধরনের নির্দেশনা দিয়েছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।