ঢাকা বোর্ড চেয়ারম্যান

‘এবারের ফল বাস্তব, কোনো চাপ বা বাড়তি নম্বর নয়’

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে কোনো ধরনের গোঁজামিল বা চাপের প্রভাব ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃত ও সত্য। কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি। সামগ্রিকভাবে এবারের ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আগে কী হয়েছে, তা নিয়ে মন্তব্য করব না। তবে এখন যে তথ্য দেওয়া হয়েছে, সেটিই সঠিক। আমাদের কোনো কিছু গোপন করার সুযোগ নেই। কোনো মহল থেকে কোনো চাপও ছিল না। আমাদের বলা হয়েছে, যেটি প্রকৃত রেজাল্ট, সেটিই দিতে হবে। সেই অনুযায়ী পরীক্ষকদের আমরা অনুরোধ করেছি যেন তারা যথাযথভাবে খাতা মূল্যায়ন করেন।’

চলতি বছর ফল প্রকাশের আনুষ্ঠানিকতায় কোনো আনুষ্ঠানিকতা ছিল না। শিক্ষা উপদেষ্টাও আগেই জানিয়ে দিয়েছিলেন—অতিরিক্ততা, বাহুল্য কিংবা কোনো ধরনের মেকি উৎকর্ষতা নয়, এবার ফলপ্রকাশ হয়েছে পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এ বছর ফল প্রস্তুত করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতির ভিত্তিতে।