এসএসসি পরীক্ষায় পাস করেনি ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে এবারের ফলাফলে পাসের হার উল্লেখযোগ্য হারে কমেছে। সব শিক্ষা বোর্ড মিলিয়ে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ ছাত্রী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

প্রতিবারের মতো এবারও ফল প্রকাশকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছিল না। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বক্তব্য রাখেন।

তিনি বলেন, এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী, আর গতবারের তুলনায় কমেছে ৪২ হাজার ১২৭।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

খাতা চ্যালেঞ্জ

বরাবারের মতো এবারও থাকছে খাতা চ্যালেঞ্জ করার সুযোগ। কোনো শিক্ষার্থী যদি তার ফল নিয়ে সন্তুষ্ট না হয় তবে তারা খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানা যাবে। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার নিয়ম—রেজিস্ট্রেশন নম্বর <স্পেস> বোর্ডের নাম (ইংরেজি প্রথম তিন অক্ষর) <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক সাবজেক্ট কোডের ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন—১০১, ১০২, ১০৩।