সৌদি আরবের রাজধানী রিয়াদ ও লোহিত সাগরের তীর ঘেঁষে গড়ে উঠা জেদ্দার কিছু নির্দিষ্ট এলাকায় বিদেশিরা এখন থেকে সম্পত্তি কেনার অনুমতি পাবেন। দেশটির অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে বিদেশি বিনিয়োগ আনার পরিকল্পনা হিসেবে নতুন এই আইন অনুমোদন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট আই।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার সুযোগ রয়েছে তবে এজন্য কিছু শর্ত পূরণ করতে হবে।
আইনটি অনুমোদনের পর থেকে সৌদির রিয়েল এস্টেট বাজারে ইতিবাচক প্রভাব পরেছে। পাশাপাশি শেয়ারবাজারে কিছু কোম্পানির শেয়ারের দামও বেড়ে গেছে। তবে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি শিগগিরই এই আইনের প্রয়োগ ও বিস্তারিত নিয়মকানুন প্রকাশ করবে। নতুন আইনটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
আইনটি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ। দেশটি এখন পর্যটন খাতে ব্যাপক আকারে নজর দিচ্ছে। বিশেষ করে লোহিত সাগর উপকূলে পর্যটন অবকাঠামো গড়ে তোলার দিকে জোর দিচ্ছে রিয়াদ।
বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের রিয়েল এস্টেট ও পর্যটন খাতে দুটি লক্ষ্য রয়েছে। একদিকে, তারা চায় যেন ধনী ও মধ্যবিত্ত সৌদি নাগরিকরা বিদেশে না গিয়ে নিজেদের দেশে বিনিয়োগ ও খরচ করে। অন্যদিকে, বিদেশিদের কাছ থেকেও বিনিয়োগ আকর্ষণ করতে চায়—যারা ওমান, কাতার বা দুবাইয়ের মতো উপসাগরীয় দেশগুলোতে বাংলো বাড়ি বা দ্বিতীয় বাড়ি কিনতে আগ্রহী।