নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত মামুন মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে শরীয়তপুরের নড়িয়া থানার পাঁচগাঁও কেদারপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম বাবু উপজেলার মর্তুজাবাদ এলাকার মঞ্জু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১-এর অপারেশন অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, চলতি বছরেরর গত ১০ জুন মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে স্থানীয় লোকজন। সেখানে যুবদল নেতা বাদলের অনুসারী কর্মী-সমর্থকরাও ছিলেন। ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নেওয়ার পথে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু ও তার সমর্থকেরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবু ও সমর্থকরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মামুন ভূইয়ার বড় ভাই মো. বাদল ভূইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাবুকে বিএনপি ও বিএনপির সংগঠন থেকে বহিষ্কার করা হয়৷ বৃহস্পতিবার দিবাগত রাতে শরীয়তপুরের নড়িয়া থানার পাঁচগাঁও কেদারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্যবসায়ী মামুন হত্যা মামলার প্রধান আসমি জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়৷
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে অভিযান পরিচালনা করে মামলার আরেক আসামি রাসেল ফকিরকে গ্রেপ্তার করেন র্যাব। গ্রেপ্তারকৃতকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।