জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে ১৬, ১৭ ও ১৮ জুলাই আবু সাঈদ এবং ওয়াসিম আকরামসহ জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশজুড়ে কর্মসূচি পালন করবে সংগঠনটি।
কর্মসূচির মধ্যে রয়েছে- চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ। সমাবেশে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে। এছাড়া সারাদেশে সব জেলা ও মহানগরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)।
পরদিন ১৭ জুলাই সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণ সভা পালন করবে ছাত্রদল। ১৮ জুলাই বাদ আসর জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশে সব উপজেলা ও পৌরসভাতে দোয়া ও মিলাদ মাহফিল।