এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জন্মদিনের একদিন আগে প্রিয়তম রুদ্র নামে এক শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের রুদ্র পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রিয়তম রুদ্র একই এলাকার কাঞ্চন রুদ্রের ছেলে। সে স্থানীয় খুরুশকূল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার (১১ জুলাই) প্রিয়তমর ১৭ তম জন্মদিন ছিল। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সে দুই বিষয়ে অকৃতকার্য হয়।
কাঞ্চন রুদ্র বলেন, ‘তার ছেলে কেন এমন করেছে সেটা সত্যি জানি না। দুপুরে তিনি, স্ত্রী ও ছেলে একসাথে মিলে খাবার খান। খাবার শেষে টিভিতে খবর দেখছিলেন। ওই সময়ে প্রিয়তম তার স্থানীয় এক সহপাঠীর বাসায় ছিলো।’
তিনি বলেন, ‘পরে ঘরে আসলে রুদ্র’কে বলি তোমার মামা ফোন করে জানিয়েছে, তুমি নাকি দুই বিষয়ে খারাপ করেছো। সেটা শোনার পর প্রিয়তম তার মাকে ফোনে কল দিবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি, আর কিছু জানি না। ’
তিনি আরও বলেন, ‘অফিসে পৌঁছার ২০ থেকে ৩০ মিনিট পর আমার এক বোন কল করে জানায়, ঘরের দরজা জানালা সব ভিতর থেকে আটকানো। অনেক ডাকডাকি করেও প্রিয়তমের কোন সাড়াশব্দ নেই এবং দরজাও খুলছে না।’
কাঞ্চন জানান, বিষয়টি জানার পর তিনি দ্রুত বাড়ী ফিরে যান। পরে দরজা না খোলায় ঘরের ছাদের টিন কেটে ভিতরে ঢুকেন। এরপর সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় প্রিয়তমকে ঝুলে থাকতে দেখেন। এরপর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।