রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বোরহান উদ্দিন, বয়স ৩১। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডেমরার সিকদার ফিলিং স্টেশনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের আত্মীয় সুমুন্দি সোহেল মিয়া জানিয়েছেন, বোরহান ডেমরার আমুলিয়া মডেল টাউনের শুকনা টেংরা এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালাতেন। রাতে কাজ শেষ করে ব্যক্তিগত মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে ডেমরা থানায় যাচ্ছিলেন একটি জরুরি কাজে। পথে রমজান পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে বোরহান মোটরসাইকেল থেকে পড়ে যান এবং বাসের চাকায় তার মাথা পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন তার সঙ্গীও।
তিনি আরও জানান, নিহত বোরহানের বাবার নাম শফির উদ্দিন। দুর্ঘটনায় আহত যুবককে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, রাতেই ডেমরা থানা পুলিশ মরদেহটি মর্গে পাঠিয়েছে।